প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি
আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিচার বিভাগ সংক্রান্ত মন্তব্যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার সুর প্রতিধ্বনিত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বুধবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কায়সার কামাল এই গুরুতর অভিযোগ করেন।
তিনি বলেন, দেশের তিনটি প্রধান স্তম্ভের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা জনসম্মুখে প্রকাশের বদলে প্রধান বিচারপতির কাছে ‘বিশেষ সুবিধা সম্বলিত যোগাযোগ’ (প্রিভিলেজড কমিউনিকেশন) হিসেবে পৌঁছানো উচিত ছিল।
কায়সার কামাল আরও বলেন, স্পর্শকাতর বিষয় জনসম্মুখে উত্থাপন করার পেছনে দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থাকতে পারে। বিচার বিভাগকে নিয়ে তির্যক মন্তব্য করা মোটেও সমীচীন নয়।
তিনি উল্লেখ করেন, বিচার বিভাগ যখন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য উদ্যোগ নিচ্ছে, ঠিক সেই সময় এই ধরনের মন্তব্য নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে স্বাধীন করতে চাচ্ছে কি না, তা নিয়ে আইনজীবীদের মধ্যে সন্দেহ ও শঙ্কা সৃষ্টি হয়েছে।
কায়সার কামাল জোর দিয়ে বলেন, আসিফ নজরুলের বক্তব্যে ফ্যাসিস্ট সরকারগুলো যেভাবে বিচার বিভাগের বিষয়ে কথা বলত, সেই সুরই শোনা যাচ্ছে, যা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
আইনজীবীরা অনুরোধ করেছেন, আইন উপদেষ্টা হিসেবে তিনি ভবিষ্যতে আরও সতর্কভাবে মন্তব্য করবেন এবং জুডিশিয়ারির বিষয়ে প্রকাশ্যে কথা বলার আগে প্রধান বিচারপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন।