প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৫৭ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ১০:০৭ PM

আরো একবার ব্যাটিং ব্যর্থতা, আরো একবার সিরিজ হার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল ক্যারিবীয়রা।
আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৪৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে লিটন দাসরা।
এদিন বাংলাদেশের হয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৬১ রান করেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৩ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এ ছাড়া তাওহিদ হৃদয় ১২ ও জাকের আলী ১৭ রান করেছেন।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় না ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওভারে একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রেন্ডন কিং। দ্বিতীয় ওভারে এসেই তাকে আউট করেন তাসকিন আহমেদ। মিডঅফে তাওহিদ হৃদয়ের কাছে ১ রানে ক্যাচ হন কিং। দলীয় ১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর অলিক আথানাজে আর শাই হোপ দুর্দান্ত খেলতে থাকনে। ৫৯ বলে ১০৫ রানের বড় জুটি গড়ে অবশেষে নাসুম আহমেদের শিকার হন আথানাজে। ৩৩ বলে ৫২ করা আথানেজে স্লগ সুইপ করে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলে নাসুম বোল্ড করেন নতুন ব্যাটার শেরফান রাদারফোর্ডকে (০)।
এরপর মুস্তাফিজুর রহমান তুলে নেন হাফ সেঞ্চুরিয়ান হোপকে। ৩৬ বলে তার ব্যাট থেকে আসে ৫৫ রান। এরপর আর তেমন কেউ মাঠে দাঁড়াতে পারেননি। পরে ক্যারিবীয়রা দেড়শর কাছাকাছি গেছে রোমারিও শেফার্ডের ১৬ বলে ১৩ আর রস্টন চেজের ১৫ বলে অপরাজিত ১৭ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ১৪৯/৯ (হোপ ৫৫, অ্যাথানেজ ৫২; মোস্তাফিজ ৩/২১, রিশাদ ২/২০, নাসুম ২/৩৫)
বাংলাদেশঃ ১৩৫/৮ (তানজিদ ৬১, জাকের ১৭; আকিল ২/১৭, হোল্ডার ২/২৩)
ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১৪ রানে; সিরিজে ২-০ এগিয়ে।
এদিকে বাংলাদেশের এমন দুর্বল ব্যাটিং ব্যর্থতার বেশ সমালোচনা করেছেন ক্রিকেট বোদ্ধারা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলোয়ারদের নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা করছেন।