প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ পিএম

পিরোজপুরের কাউখালিতে গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় নিরীহ গ্রামবাসীকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পিরোজপুর-বরিশাল সড়কের চৌমাথা এলাকায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু হানিফ, আঞ্জুমান আক্তার, মো:জাকির মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।
এ সময় বক্তারা বলেন, চুরি, ডাকাতি, মাদক কারবারি ও ইয়াবাসহ অসংখ্য মামলার আসামি আলী ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করে উদ্ধারকারী, চিকিৎসায় সহযোগিতাকারি ও সাধারণ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। যার প্রতিবাদে এলাকার শত শত নারী পুরুষ একত্রে মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু মামলার মাধ্যমে যারা এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে হয়রানি করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ডাকাতির অভিযোগে মোঃ আলী হোসেন (৩৮) নামের এক ব্যাক্তি স্থানীয় মানুষের গণপিটুনিতে আহত হয়ে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যায় । এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস