প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ পিএম

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, খালপাড় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্তকরণ এবং সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
সকাল ১১টায় পৌর এলাকার স্টিল ব্রিজসংলগ্ন খালপাড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টায় রায়কোট দক্ষিণ মন্তলী স্কুল অ্যান্ড কলেজ ও মন্তলী রহমানিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর দুপুর আড়াইটায় সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজারসংলগ্ন ডাকাতিয়া নদীতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। সন্ধ্যায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার নেতৃত্বে ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল এবং সদস্য সচিব এনায়েত উল্যা কামাল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, অহিদুল ইসলাম মজুমদার, কাজী ফয়সাল, আলমগীর হোসেন মোল্লা; পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, নূর আহমেদ, সরোয়ার হোসেন মাছুম; কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম সুজন; রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনির হোসেন মজুমদার ও সদস্য সচিব ইস্রাফিল সোহাগসহ আরও অনেকে।