প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:১৭ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর মধ্যে পুঁজিবাজারের স্বচ্ছতা, সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীর আস্থা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, পুঁজিবাজারের স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীর আস্থা জোরদারে দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম এবং নীতি সংলাপ আয়োজন করবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের মূলধন বাজারে অংশগ্রহণ সহজ করতে সচেতনতা কার্যক্রম ও সহজ মানদণ্ড প্রণয়নে একসঙ্গে কাজ করবে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “এই সমঝোতা স্মারক দুটি প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, উদ্ভাবন ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করবে এবং এসএমই উদ্যোক্তাদের আর্থিক সংস্থান প্রাপ্তিতে নতুন সুযোগ সৃষ্টি করবে।”
ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, নীতিমালা প্রণয়ন ও উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। অনেক এসএমই উদ্যোক্তা পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানেন না। ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ উদ্যোগে তারা প্রয়োজনীয় তথ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হতে পারবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, ডিএসই’র প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।