প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৭:৩০ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। সেনা সদরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারসহ পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধি দল সেনা সদরে এসে সেনাপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার, উচ্চপর্যায়ের পরিদর্শন ও জ্ঞান-বিনিময় কার্যক্রমের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
এর আগে, গত ২৫ অক্টোবর রাতে জেনারেল সাহির শামশাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব, এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।