প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ২:৫৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন নেতা সাইদার রহমানের দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সমাজসেবক মতিন সরকার মন্টু এবং স্থানীয় যুবক আবু নাসের প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম এ এলাকার একজন জনপ্রিয় ও সৎ প্রতিনিধি। তিনি দীর্ঘ এক দশক ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অথচ ধরঞ্জী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাইদার রহমান মিথ্যা চাঁদাবাজির মামলা করে তাকে হয়রানি করছেন।
তারা আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইদার রহমান ‘হলুদ সাংবাদিকতা’ শুরু করে এলাকায় দাপট দেখাচ্ছেন। বক্তারা অবিলম্বে ইউপি সদস্য ও তার ছেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাইদার রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে চাঁদাবাজি সংক্রান্ত এক ঘটনার জেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষকের ভূমিকার প্রতিক্রিয়ায় উল্টো ইউপি সদস্যের বিরুদ্ধে কম্পিউটার ল্যাব অপারেটরকে দিয়ে মিথ্যা মামলা করানো হয় বলে অভিযোগ ওঠে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে