প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:১৬ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৭:১৯ PM

বরিশালে এক গৃহবধূকে অপহরণ করে এক লাখ টাকা ছিনতাই ও পরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি উপস্থিত ছিলেন, আর এক আসামি পলাতক আছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. গাজী রাসেল (৩৫), , মো. জাহিদ হাওলাদার (২৬) ও মো. রোকন খান (২৩) মো. রাজিব জমাদ্দার (২৫)। এদের মধ্যে আসামি রোকন খান পলাতক আছেন। দণ্ডপ্রাপ্ত চারজনের বাড়িই বরিশাল নগরের সাগরদী এলাকার ধান গবেষণা ইনস্টিটিউট সড়কে।
আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূ বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০১৬ সালের ১০ নভেম্বর তিনি বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে ইজিবাইকে করে স্বামীর কাছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু ইজিবাইক চালক কৌশলে তাঁকে অন্যত্র নিয়ে যান। এ সময় গৃহবধূ চিৎকার করলে ইজিবাইক চালক তাঁকে ভয়ভীতি দেখান। এ সময় মোটরসাইকেলে করে ত্রিশ গোডাউন এলাকায় আসে অন্য তিন আসামি। এক পর্যায়ে তাকে মারধর করে চোখ, মুখ ও পা বেঁধে ত্রিশ গোডাউন এলাকার খ্রিষ্টান পাড়ার জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে সেখানে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা গৃহবধূকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। ২০১৭ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা ও বরিশাল কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালত সূত্র জানায়, এই মামলায় আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এই রায় ঘোষণা করেন। ভুক্তভোগীর পরিবার রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
স্বদেশ প্রতিদিন/রাফি