নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে- ইসির এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে দলটি।
আজ রবিবার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ ২ সদস্যেরর প্রতিনিধি ইসিতে এই ইস্যুতে এ চিঠি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
জোট গঠনের প্রসঙ্গ টেনে ইবিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে- গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের অবস্থা বহাল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে।”
কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনীর প্রস্তাব ছিল না উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ আরো বলেন, “বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করে।”
এর আগে, আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধীতা করেছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, এই খসড়ায় পরিবর্তন আনার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে তারা চিঠি দেবেন।
এতে তাদেরও সম্মতি নেই, আমাদেরও নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরো বলেন, “এটা নির্বাচন কমিশন একতরফাভাবে কেন তুলল, জানি না। আমার মনে হয়, সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
আপত্তির কারণ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, “জোটবদ্ধ নির্বাচনে নিজস্ব দলের প্রতীকে নির্বাচন করতে হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস