প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:৩৩ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ২:৩৬ PM

সংগৃহীত ছবি
বর্তমানে মানুষ ক্যাশ নিয়ে চলার চেয়ে কার্ড ব্যবহারেই ঝুঁকছেন অধিকাংশ মানুষ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে দেশে নতুন কার্ডের সংখ্যা বেড়েছে আড়াই গুণ, আর কার্ডভিত্তিক লেনদেন তিন গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।
২০২০ সালের আগস্টে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ২২ লাখ। ২০২৫ সালের জুলাই শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৬৯ লাখ। এ সময়ে ডেবিট কার্ডের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, ১২০ শতাংশ বৃদ্ধি। আর ক্রেডিট কার্ডের সংখ্যা ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট কার্ডভিত্তিক লেনদেন ২০২০ সালের ১৪ হাজার ৩৮৪ কোটি টাকা থেকে ২০২৫ সালের জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮১৭ কোটি টাকায়।
বাংলাদেশিরা চলতি বছরের জুলাই মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭৯ কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। ডেবিট কার্ডের বিদেশি ব্যবহার সবচেয়ে বেশি যুক্তরাজ্যে, এরপর যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, চীন ও ভারতে। প্রিপেইড কার্ডও প্রধানত যুক্তরাজ্যে ব্যবহার হচ্ছে।
দেশের অভ্যন্তরে জুলাই মাসে গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ৩ হাজার ৮৪ কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে ১ হাজার ৫০৮ কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে। এছাড়াও খুচরা বিক্রয়কেন্দ্র, বিদ্যুৎ ও গ্যাস বিল, ওষুধ ও ফার্মেসি, নগদ উত্তোলন, পরিবহন ও তহবিল স্থানান্তরেও কার্ড ব্যবহৃত হচ্ছে কার্ড।
ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন, “ডেবিট কার্ড মূলত বেতন ভাতা, নগদ উত্তোলন ও দৈনন্দিন লেনদেনে সবচেয়ে জনপ্রিয়। ক্রেডিট কার্ডের ব্যবহার শহরকেন্দ্রিক হলেও, শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মধ্যে তা দ্রুত বাড়ছে। প্রিপেইড কার্ডের ব্যবহারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।”
তবে কার্ড ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী কার্ডে লেনদেন সহজ, ঝুঁকিমুক্ত এবং সহজে ক্যারিকরা যায় বলে তারা কার্ড ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠেছেন।