প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:২৯ পিএম

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে পার্কের শেষ জিরাফটির মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রাণীটি মারা গেলেও বিষয়টি শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে জানানো হয়।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে জিরাফটি টিবিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। প্রাণীটিকে বাঁচাতে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার দুপুরে পার্কের ভেতরেই জিরাফটি মারা যায়।
তিনি আরও জানান, মৃত্যুর পর প্রাণীটির ময়নাতদন্ত সম্পন্ন করে পার্কের ভেতরেই মাটি চাপা দেওয়া হয়েছে। এই মৃত্যুর ফলে গাজীপুর সাফারি পার্ক এখন সম্পূর্ণভাবে জিরাফশূন্য হয়ে পড়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, জিরাফটির মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
পার্ক সূত্রে জানা যায়, ২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ‘ফ্যালকন ট্রেডার্স’-এর মাধ্যমে ১০টি জিরাফ আমদানি করা হয়। পরে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে পার্কে আরও চারটি জিরাফের বাচ্চা জন্ম নেয়।
তবে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একে একে বেশ কয়েকটি জিরাফ মারা যায়। সর্বশেষ বেঁচে থাকা স্ত্রী জিরাফটির মৃত্যুর মধ্য দিয়ে সাফারি পার্কে জিরাফ প্রজাতির অস্তিত্ব পুরোপুরি বিলীন হলো।
স্বদেশ প্রতিদিন/কেআইকে