প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:৪৫ পিএম

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসের জন্মদিনে এল তার ভক্তদের জন্য বড় চমক। ২৩ অক্টোবর ৪৬ বছর পূর্ণ হওয়ার দিনে নতুন ছবির ঘোষণা দিলেন এই তেলুগু সুপারস্টার। প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকারস জানিয়েছে, তাদের আসন্ন চলচ্চিত্র ‘ফৌজি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস। ছবিটি পরিচালনা করবেন ‘সিতা রামাম’ খ্যাত নির্মাতা হনু রাঘবপুদি।
বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এটি একটি বিশেষ আয়োজন। কারণ, ‘ফৌজি’ হবে প্রভাসের প্রথম সিনেমা যা বাংলা ভাষায় মুক্তি পাবে। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার পাশাপাশি এবার সিনেমাটির বাংলা ডাব সংস্করণও মুক্তি দেওয়া হবে। এর আগে কেবল কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’-ই বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৪০-এর দশকের ভারতবর্ষকে কেন্দ্র করে, যখন দেশটি ছিল ব্রিটিশ শাসনের অধীনে। ছবিতে প্রভাসকে দেখা যাবে একজন ব্রিটিশ ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি অন্যায়ের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাবেন।
সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমানভি। আরও থাকছেন মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা ও অনুপম খের। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং।
এর আগে প্রভাসকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। এরপর কিছুটা বিরতি নিয়ে তিনি কাজ শুরু করেন নতুন দুটি প্রজেক্টে ‘রাজা সাহেব’ ও ‘স্পিরিট’।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘রাজা সাহেব’ ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে, আর একই বছরেই বড় পর্দায় আসবে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ‘স্পিরিট’।
স্বদেশ প্রতিদিন/কেআইকে