প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:০৮ AM

সংগৃহীত ছবি
ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া লিওনেল মেসির মাথা দিয়ে করা গোল তুলনামূলকভাবে খুব কম। অথচ নিজের পছন্দের গোল বলতে তিনি একবার উল্লেখ করেছিলেন বার্সেলোনার হয়ে করা একটি হেডের কথা। সেই প্রিয় কাজটিই আবারও করলেন ইন্টার মায়ামির জার্সিতে। তার উড়ন্ত হেডসহ জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।
মাত্র একদিন আগেই মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এর আগেই এমএলএস মৌসুমে ২৯ গোল করে নিশ্চিত করেছেন গোল্ডেন বুট। ম্যাচের আগে এমএলএস কমিশনার ডন গারবার পুরস্কারটি মেসির হাতে তুলে দেন। এরপর মাঠে নেমে যেন নিজের সাম্রাজ্যই পুনর্গঠন করলেন; একটি উড়ন্ত হেডে লিড এনে, আরেকটি সহজ ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে শূন্যে ভেসে অসাধারণ হেডে গোল করেন মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। ৬২ মিনিটে ইয়ান ফ্রে’র ক্রসে তাদেও আলেন্দে হেডে ব্যবধান দ্বিগুণ করেন।
ইনজুরি সময়ে মেসি করেন নিজের দ্বিতীয় গোলটি ন্যাশভিলের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি। যদিও যোগ করা সময়ের ৯৬তম মিনিটে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় প্রতিপক্ষ, তবে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ন্যাশভিলকে হারাল মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলের জয় পেয়েছিল ফ্লোরিডার এই ক্লাব। এবারও জয় পেয়ে এমএলএস প্লে-অফে ‘বেস্ট অব থ্রি’র প্রথম রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর দল।