প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১৫ AM আপডেট: ২৫.১০.২০২৫ ১০:১৮ এএম

সংগৃহীত ছবি
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি; এ তথ্য নিশ্চিত করেছে থাই রয়্যাল প্যালেস।
রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবলের সঙ্গে তিনি ছয় দশকেরও বেশি সময় রাজত্ব করেন। রাজা ভূমিবল ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।
রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয়েছে, রাজা মাহা ভাজিরালংকর্ন রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে এবং রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, রানির মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেছেন।