প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৩১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন যুবদলের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন,‘যারা আগে হেলমেট পরে ছাত্রলীগের বেশে আমাদের মিছিলে আঘাত করেছিল, এখন তারাই টুপি পরে যুবদলের সম্মেলনে হামলা চালাচ্ছে। বিএনপি যাতে আবার ক্ষমতায় যেতে না পারে, সেই ষড়যন্ত্রই তারা করছে।’
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দন্তসার দিঘীরপাড় এলাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
কামরুল হুদা আরও বলেন,‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। ভয় দেখিয়ে আমাদের দমন করা যাবে না। চৌদ্দগ্রামে হাজারো জিয়ার সৈনিক প্রস্তুত আছে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কেউ কেউ ব্যালেন্স রাজনীতি করেছে, ব্যবসা করেছে—কিন্তু আমরা করিনি।’
তিনি আরও স্মরণ করিয়ে দেন,‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের বিনা মূল্যে শিক্ষা, উপবৃত্তি, বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছিলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গার্মেন্টস, হিমায়িত খাদ্য, হস্তশিল্প ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করেছিলেন। তরুণদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব নিরসনেও তিনি ভূমিকা রাখেন।’
আলকরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এন এ পাটোয়ারী রবিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত জোবায়েরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আ. ন. ম. সলিমুল্লাহ টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ