প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:৪৩ পিএম

প্রায় ২৫ বছর ধরে সংস্কারের অভাবে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ঘোড়াশাল-ডাংগা সড়ক বেহাল, চরম ভোগান্তিতে স্থানীয়রা। চলাচলের অনুপযোগী দীর্ঘ এই সড়কে প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছে ছাত্র-ছাত্রী, রোগী, শ্রমজীবী, জনগণসহ সব শ্রেণি-পেশার হাজারো মানুষ।
এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডাংগা ইউনিয়নের পূবালী বাজার এলাকায় ‘ডাংগা ইউনিয়ন সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ঘোড়াশাল থেকে ডাংগা ইউনিয়নে যাওয়ার প্রধান সড়ক। প্রতিদিনই এ সড়কে চলাচল করে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি বড় বড় খানাখন্দে ভরে গেছে। ফলে যানবাহনগুলো হেলে দুলে চলতে বাধ্য হচ্ছে, পাশাপাশি নিয়মিত নষ্ট হচ্ছে গাড়ি।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামাল উদ্দিন, এনসিপি নরসিংদী জেলা কমিটির সদস্য নাঈম খানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, এই সড়কটি ডাংগা ইউনিয়নের মানুষের জীবনরেখা। অথচ দীর্ঘ দিনের অবহেলায় এটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রোগী নিয়ে হাসপাতালে যেতে, স্কুল-কলেজে যেতে ছাত্র-ছাত্রীদের চরম কষ্ট পোহাতে হয়। অবিলম্বে এই সড়কের অসম্পূর্ণ কাজ শেষ করে দ্রুত সংস্কার করতে হবে।
এ সময় স্থানীয় নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্বদেশ প্রতিদিন/রাফি