প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৯:৩৫ PM

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জাপানে চাকুরি সহজীকরণ বিষয়ক সেমিনার
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরকে জাপানে চাকরির সুযোগ সৃষ্টির জন্য সহজীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন জাপানের ইমাস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কিউশি শিরাকো, ইমাস কোম্পানি লিমিটেডের ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. তাদাসী ওথাকী এবং রিসার্চ ইনস্টিটিউট অব ইনোভেট টেকনোলজি ফর দ্যা আর্থ-এর এসোসিয়েট চিফ রিসার্চার।
অধ্যাপক ড. ফিরোজ আলম চৌধুরী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী, কেএসএফ জাপান ইনস কোম্পানির কো-ফাউন্ডার ও রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর মাহফুজ কামাল প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশ থেকে মানুষ যদি কর্ম অথবা শিক্ষার জন্য জাপানে যেতে চায়, অবশ্যই তাকে জাপানি ভাষা শিখতে হবে। জাপানি ভাষা শিখার জটিলতার কারণে বহু দক্ষ ও মেধাবী শিক্ষার্থী জাপানে যাওয়ার এবং কর্মের সুযোগ পাচ্ছেনা। তাই জাপানি ভাষা শেখাকে সহজীকরণ ও খরচ সহনশীল করে শিক্ষার্থীদের জাপানে কর্মের সুযোগ সৃষ্টি করতে জাপান থেকে প্রতিনিধিরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন।
বক্তারা আরও বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করলে কেউ জাপানে আসলে তাকে লেবার হিসাবে গণ্য করা হবে। যখন শিক্ষার্থী দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন, তখনই তিনি দক্ষতা অর্জনকারী বিভাগের কর্মের সুযোগ পাবেন।