প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:৪৩ পিএম

সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে নতুন ধারা সংযোজন করা হয়েছে। একই সঙ্গে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই শাহজাহান সিরাজ সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫(ক) ধারা সংযোজনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
এর আগে বুধবার (২২ অক্টোবর) শ্রীশান্ত রায়কে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তখন তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থানকালে শ্রীশান্ত রায় ছদ্মনাম ‘উইকলি সার্ভিস ৯২৩’ আইডি ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে নানা ধরনের অবমাননাকর ও ঘৃণামূলক মন্তব্য করেন। এসব মন্তব্যে বুয়েট শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। দীর্ঘ অনুসন্ধানের পর ওই আইডির প্রকৃত ব্যবহারকারী হিসেবে শ্রীশান্ত রায়কে শনাক্ত করা হয়। এরপর বুধবার বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন চকবাজার থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।