প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:৪৩ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক অঙ্গনে হুমায়ুন কবিরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিএনপি মনে করছে, তার নেতৃত্বে দলের আন্তর্জাতিক কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।
উল্লেখ্য, তিনি এর আগে দীর্ঘ সময় ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।