প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:১৯ পিএম

সংগৃহীত ছবি
বাড়িভাড়া বৃদ্ধি ও অন্যান্য ভাতা সংক্রান্ত তিন দফা দাবিতে টানা আট দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত ১৭ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আমরণ অনশনে রয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার (১৯ অক্টোবর) ভোরে আন্দোলনরত শিক্ষকদের খোঁজ নিতে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
আজ দুপুরে শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, কিন্তু নিজেরাই বঞ্চিত। সরকার চাইলে সহজেই এ সংকটের সমাধান করতে পারে। শিক্ষক সমাজ মর্যাদা চায়, করুণা নয়।
এর আগে, বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
দাবি আদায়ে সারাদেশের প্রায় ৩০ হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। এতে ক্লাস ও পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।