প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম

বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ আবারও ঢাকায় পারফর্ম করতে আসছে। বছর ঘুরতেই ঢাকা মাতাতে চলেছে এই ব্যান্ডদলটি, যা হবে তাদের তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর।
শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের ভোকালিস্ট ও অন্যতম সদস্য গওহর মমতাজ। তিনি নিজের ফেসবুক স্টোরিতে দুটি পোস্টের মাধ্যমে ঢাকায় কনসার্টের ইঙ্গিত দেন।
প্রথম স্টোরিতে ঢাকা শহরের একটি আবহচিত্রের ওপর লেখা ছিল “ঢাকা, তোমরা প্রস্তুত?” আর পরবর্তী স্টোরিতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকার রঙে তৈরি একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার একটি দৃশ্য দেখা যায়। সেখানে লেখা ছিল “ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শীঘ্রই।”
তবে এখনো কনসার্টের তারিখ, ভেন্যু কিংবা আয়োজক প্রতিষ্ঠান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ঢাকার একটি আয়োজক প্রতিষ্ঠানের সূত্র জানিয়েছে, জাল ব্যান্ডের ঢাকা সফর চূড়ান্ত, এবং শিগগিরই পুরো আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হবে।
২০০২ সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে জাল ব্যান্ড। ২০০৪ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ ব্যাপক জনপ্রিয়তা পায় পুরো দক্ষিণ এশিয়ায়। পরে ব্যান্ড থেকে আতিফ আসলাম পৃথক হলেও গওহর মমতাজ নেতৃত্বে ব্যান্ডটি এগিয়ে চলে।
বর্তমানে ব্যান্ডের সদস্যরা হলেন গওহর মমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।
স্বদেশ প্রতিদিন/কেআইকে