
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর নগর ও গ্রামাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে যথাযথ উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু এবং ৪,৭৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, ১১ অক্টোবর কেউ মারা যাননি, ৪১৩ জন ভর্তি হয়; ১২ অক্টোবর মৃত্যু ৬, ভর্তি ৯৫৩; ১৩ অক্টোবর মৃত্যু ৩, ভর্তি ৮৫৭; ১৪ অক্টোবর মৃত্যু ৫, ভর্তি ৮৪১; ১৫ অক্টোবর মৃত্যু ৪, ভর্তি ৪৫৮; ১৬ অক্টোবর মৃত্যু ১, ভর্তি ৭৫৫; ১৭ অক্টোবর কেউ মারা যাননি, ৫১০ জন ভর্তি হয়েছেন।
অক্টোবর মাসে এখন পর্যন্ত ১০,৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৫ জনের মৃত্যু ঘটেছে। চলতি বছর ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন ৫৮,২৮০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫,৩৬০ জন, মৃত্যু হয়েছে ২৪৩ জনের।
বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নয়, সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে এটি আরও বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহার, সিটি করপোরেশনের প্রচারণা এবং জনগণকে সচেতন রাখার গুরুত্ব উল্লেখ করেছেন।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশানিধনে কেবল জেল-জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ, দক্ষ জনবল ও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ৩,২১,১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের।
স্বদেশ প্রতিদিন/ আরএফ