প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:১৭ AM

সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের আশেপাশে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্প ঘোষণা করেছে। প্রকল্পটির লক্ষ্য নামাজ, আবাসন ও আতিথেয়তার সুবিধা বাড়ানো, এবং পবিত্র স্থানের কাছাকাছি উঁচু টাওয়ার নির্মাণ করা।
বর্তমান বাদশাহর নামে নামকরণ করা হয়েছে ‘কিং সালমান গেট’, যা বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্ষমতাধর নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ১২ মিলিয়ন বর্গমিটারে এই প্রকল্প বাস্তবায়ন করবেন।
প্রকল্পের মধ্যে থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধা। এছাড়া, ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রায় ৯ লাখ মানুষকে একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি একটি ভিডিওতে দেখা গেছে, মক্কা নগরীর পাশ দিয়ে উঁচু-উঁচু ভবনগুলো দাঁড়িয়ে আছে এবং তার উপরে শান্তির পায়রা উড়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে রুয়া আলহারাম আলমাক্কি নামের একটি প্রতিষ্ঠান। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সৌদি আরব ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজ যাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্য নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। অন্যান্য মেগা প্রকল্পের পাশাপাশি, মক্কা-মদিনা অঞ্চলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কারণ, পবিত্র নগরী বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ