প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৬ AM

জুলাই সনদের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হলে “জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে” বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “জুলাই সনদের বেশ কিছু দিক নিয়ে আমরা সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। কিন্তু সনদ বাস্তবায়নের পথটি অনুল্লেখ থেকে গেছে, সেখানে এখনো ধোঁয়াশা রয়েছে। এই অবস্থায় স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলে আমাদের পূর্ববর্তী সব অর্জন বিফলে যেতে পারে। তাই আজকের অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, ঐক্যমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে, তাই এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া পরিষ্কার করা, বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান, আদেশের খসড়ায় স্বচ্ছতা আনা, এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ২০২৬ সালকে রেফারেন্স পয়েন্ট হিসেবে উল্লেখ করার প্রস্তাব—এই সব দিকের সমাধান চায় এনসিপি।
আলোচনার মাধ্যমে এসব সমাধান না হলে করণীয় সম্পর্কে জানতে চাইলে আখতার হোসেন বলেন,
“আমরা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে সনদে অংশ নিয়েছি, তা যেন টেকসইভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়েই আমাদের গুরুত্ব। ড্রাফট আদেশ, গণভোটের ফয়সালা, কিংবা নোট অব ডিসেন্টের (আপত্তি) জায়গাগুলো স্পষ্ট করার জন্য আমরা কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। তবে প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করব।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ