প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম

এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফলে টাঙ্গাইল জেলার সাতটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলার ১২টি উপজেলার মোট ১০৭টি কলেজের মধ্যে এই সাতটি কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। হতাশাজনক এই ফলাফলের তালিকায় রয়েছে, সদর উপজেলার আল্লামা ইয়াকুব আলী কলেজ, টাঙ্গাইল কলেজ, টাঙ্গাইল কমার্স কলেজ, শাহীন কলেজ; মির্জাপুরের ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ; মধুপুর মহিলা কলেজ এবং গোপালপুরের হাদিরা বাধুরিরচর কলেজ।
দেখা গেছে, এসব কলেজ থেকে সর্বমোট ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউই উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বোচ্চ ১৮ জন, আল্লামা ইয়াকুব আলী কলেজ ও হাদিরা বাধুরিরচর কলেজ থেকে ১৬ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১০৭টি কলেজের মধ্যে ২৪টি স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার ১৩০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১১ হাজার ১১৯ জন। গড় পাসের হার ৪৪.২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৭৩ জন শিক্ষার্থী।
এছাড়া আলিম পরীক্ষায় ১ হাজার ৪৯০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৯৯৭ জন পাশ করেছেন (পাসের হার ৬৬.৯১%) এবং জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন।
বিএম শাখায় ২ হাজার ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১ হাজার ৩৯৫ জন (পাসের হার ৬১.৫৯%) এবং ৫ জন পেয়েছেন জিপিএ-৫।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫৩৮ জন অংশগ্রহণকারীর মধ্যে পাশ করেছেন ২৪০ জন। পাসের হার ৪৪.৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন একজন।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, “এই ফলাফলের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে