প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১৩ পিএম

দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় একদিনে রেকর্ড পরিমাণ আলু রপ্তানি হয়েছে। এতে করে বন্দরটিতে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে নেপালে আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাবান্ধা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নেপালে ১৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। যা রেকর্ড পরিমাণ আলু নেপালে রপ্তানি হয়েছে বলে বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান।
তিনি জানান, আলুগুলো রপ্তানি করেছে মিয়ামি ট্রেডিং, ফাস্ট ডেলিভারী ইন্টারন্যাশনাল , ট্রেন্ড রোবো, বারুন এগ্রো লি., থিংকস টু সাপ্লাই, জাফরিন এগ্রো, মের্সাস হাবিব ইন্টারন্যাশনাল, এগ্রোটেক বিডি নামে দেশের আটটি প্রতিষ্ঠান।
তিনি জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।
তিনি আরও জানান, রপ্তানিকৃত আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর এগুলো রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়।
এই চালানে বাংলাদেশি ট্রাকে করে প্রতিটিতে ২১ মেট্রিক টন করে আলু পরিবহন করা হয়। ট্রাকগুলো নেপালের মোরাং বিরাটনগরের উদ্দেশে যাত্রা করে।
এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি অর্থবছরের ০১ জুলাই থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট- ১৪ হাজার ৭ মে. টন রপ্তানি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে মোট ১৯ হাজার ৭৪০ মে.টন আলু নেপালে রপ্তানি করা হয়েছিল। বন্দরটি দিয়ে আলু রপ্তানিতে দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ