প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:২৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করে ইউনিয়ন বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের দিকনির্দেশনায় এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা ইউনিয়নের পাতিল্লাকুড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজার ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক নেতাকর্মী লিফলেট বিতরণ করেন। এ সময় তারা সাধারণ ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ শেষে পাতিল্লাকুড়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী লেবুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আব্দুস ছালাম।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। তবে জনগণের প্রতিরোধের মুখে সে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বিএনপি কখনোই জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না।”
পথসভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজরুল ইসলাম তাজুল, কৃষকদলের সভাপতি হাবিজার রহমান এবং বিএনপি নেতা প্রভাষক হামিদুল হক।
স্বদেশ প্রতিদিন/কেআইকে