প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম

ফাইল ছবি
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফের জাতীয় মঞ্চে ফিরবেন কি না, সেই প্রশ্নে বড়সড় ধাক্কা দিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাকিবের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আর কোনো ‘ফেরার পথ’ খোলা রাখা সম্ভব নয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘এই মুহূর্তে আমার পক্ষে সাকিবের জন্য সুযোগ রেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। কারণ আমি আমার দায়িত্বের প্রতি এবং নিজের বিবেকের প্রতিও দায়বদ্ধ।’
তিনি আরও জানান, সাকিবের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ রয়েছে। তার মধ্যে রয়েছে শেয়ারবাজারে অনিয়ম, আর্থিক প্রতারণা ও পরিবার সংশ্লিষ্ট হত্যা মামলা—যা এখনো তদন্তাধীন। এসব অভিযোগ ও সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ড তাকে রাষ্ট্রীয় ক্রীড়াঙ্গন থেকে ক্রমাগত দূরে ঠেলে দিচ্ছে।
উপদেষ্টার মতে, ‘সরকার উদ্দেশ্যপ্রণোদিত কিছু করছে না। বরং সাকিবের নিজের পদক্ষেপ এবং অবস্থানই এই পরিস্থিতির জন্য দায়ী।’
তিনি আরও বলেন, ‘একজন তারকা ক্রীড়াবিদের পক্ষ থেকে এমন বিতর্কিত অবস্থান কাম্য নয়, বিশেষ করে যখন দেশের ভাবমূর্তিও এতে জড়িত।’
এই প্রসঙ্গে তিনি তুলনা টানেন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। বলেন, ‘মাশরাফি নিজেই তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় সে বিষয়টি জানিয়েছিলেন বলেই মনে পড়ে।’
এদিকে, সাকিব এখনো তার অবস্থানে অটল। তিনি নিয়মিত রয়েছেন বাণিজ্যিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে তার ফেরার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ ক্রিকেটে যে আলোচনার ঝড় উঠেছে, তা আপাতত থামার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্যে সেটা আরও স্পষ্ট হয়ে গেল।
স্বদেশ প্রতিদিন/শাহো