প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৬:১৭ PM

সংগৃহীত ছবি
দ্রুত সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ‘ব্লকেড কর্মসূচি’ নামে অবরোধ চলাকালীন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বড় অংশ বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা বললেন, “আগের কয়েক দফায় মিটিং-খেলা হয়েছে, এবার সমাধান মাঠে দেখতে চাই।”
ইবি শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন,রাস্তা সংস্কারের জন্য রাস্তায় নেমেছি, সমাধান হবে রাস্তায়। আমরা যখন কর্মসূচি দিয়েছি, তখন প্রতিশ্রুতি এসেছে যে এ মাসে বা অমুক মাসে সংস্কার হবে। প্রশ্ন হলো- এত মাস কোথায় ছিলেন? রাজনৈতিক সিন্ডিকেটে নয়, শিক্ষার্থীদের কাতারে আসুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, জেলা প্রশাসক উপস্থিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা রাজনীতিকে এই বিষয় থেকে দূরে রাখার অনুরোধ করছি।
পরবর্তীতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এক সপ্তাহের মধ্যে রাস্তাসংস্কারের কাজ শুরু করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ডিসির এই আশ্বাসে আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রশাসন ব্যর্থ হলে পুনরায় কর্মসূচি গ্রহণের হুমকি দেন তারা।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (রুটিন ভিসি) অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আমি রুটিন দায়িত্বে আছি। অবরোধের বিষয়ে উপাচার্যকে অবগত করেছি। তিনি দেখবেন, ফোন বা অন্য কোনো মাধ্যমে সমাধান করা সম্ভব কি না।
পরে প্রক্টরিয়াল বডি ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের উপস্থিতিতে শিক্ষার্থী এবং জেলা প্রশাসকের মধ্যে ফোনকলে আলোচনা সম্পন্ন হয়, যেখানে ডিসি নিশ্চিত করেন, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো