পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পটুয়াখালী জেলার ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এ সময় এসএসসি ক্যাটাগরিতে ৬৭ জন ও এইচএসসি ক্যাটাগরিতে ৪৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে এসএসসি পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে চার হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ১১৩ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “জেলা পরিষদের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে প্রকৃত সাফল্য। পড়াশোনার পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের মনোযোগ দিতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভা.) মো. কামরুল হাসান সোহেল বলেন, “শিক্ষাই উন্নয়নের ভিত্তি। জেলা পরিষদ সবসময় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষাবৃত্তি পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের হাত দিয়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক ও সনদ প্রদান করা হয়।