আজ হাইকোর্টের সামনেই অবস্থান করবেন আন্দোলনরত শিক্ষকরা। বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে এই আন্দোলন করছেন তারা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার মধ্যে দাবি না মানলে এদিন শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪অক্টোবর) ‘রোড টু সচিবালয়’ কর্মসূচিকালে শিক্ষকদের আটকে দেওয়ার পর তারা এ ঘোষণা দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী- মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব, বুধবার সকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগে অবস্থান নেব।”
আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের আর পিছু হটার সুযোগ নেই। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখব।”
আজিজী আরো বলেন, “তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাব। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসব।”
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।