প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৪২ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে” এ ধরনের প্রচারণা দেশের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “জনগণ এখনো গণভোট কিংবা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সিস্টেম সম্পর্কে পরিষ্কার নয়। অথচ একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে নির্বাচন বিলম্বিত করতে চাইছে।”
তিনি অভিযোগ করে বলেন, “যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের কোনো গোপন মাস্টারপ্ল্যান রয়েছে। তারা শর্তারোপের মাধ্যমে জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে।”
জামায়াত প্রসঙ্গে রিজভী বলেন, “জামায়াত আজও আওয়ামী লীগের লেজ ধরে রাজনীতি করতে চায়। তারা এখনো নানা কৌশলে ভোটের রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। ইসলামের মৌলিক নীতির বাইরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার আশায় ধর্মকে ব্যবহার করছে তারা।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে