প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:১৫ AM

ভারতের তিনটি ওষুধ কোম্পানির তৈরি শিশুদের কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য বাজারে ছাড়া হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, সিরাপ তিনটিতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি বিষাক্ত রাসায়নিক উপাদান অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। এটি মানবদেহে প্রবেশ করলে কিডনি বিকল হওয়াসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, এমনকি মৃত্যু ঘটাতেও পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে, সেগুলো হলো- ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি সিরাপ রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি সিরাপ রিলাইফ।
সতর্কতা জারির আগে ভারতের হিমাচল প্রদেশে কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ১৭ জন শিশুর মৃত্যু হয়। এর আগেও ২০২৩ সালে ভারতের আরও একটি কোম্পানির সিরাপ খেয়ে গাম্বিয়া, উজবেকিস্তান ও ক্যামেরুনে ১৪১ শিশুর প্রাণহানি ঘটে।
ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, WHO-এর সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে ওষুধগুলোর মান যাচাইয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোকে এই সিরাপগুলোর ব্যবহার ও আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে শিশুদের যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে এবং ওষুধের উৎপাদনকারী কোম্পানি যাচাই করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : রয়টার্স
স্বদেশ প্রতিদিন/এমএম