মেক্সিকোর সরকার জানিয়েছে, টানা প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে দেশটির সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ট্রপিক্যাল ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ডে’র কারণে সৃষ্ট ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দেয় ৫টি অঙ্গরাজ্যে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে একজনের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউমের সরকার ক্ষতিগ্রস্ত ১৩৯টি শহরে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
মেক্সিকোর সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা যায়, সৈন্যরা লাইফ র্যাফট ব্যবহার করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে, কাদামাটিতে ডুবে যাওয়া ঘরবাড়ি, এবং কোমর-সমান পানিতে উদ্ধারকর্মীদের তৎপরতা।
রাষ্ট্রপতি শেইনবাউম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “ভেরাক্রুজ, হিদালগো, পুয়েবলা, কুয়েরেতারো ও সান লুইস পোতোসিতে আমরা স্থানীয় গভর্নর ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে জরুরি সহায়তা অব্যাহত রেখেছি। জাতীয় জরুরি কমিটি ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।”
এদিকে মেক্সিকোর কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরু থেকেই মেক্সিকোতে অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাজধানী মেক্সিকো সিটিতেও এ বছর বৃষ্টির রেকর্ড হয়েছে।
সূত্রঃ রয়টার্স