প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম

"মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে"—এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো মাদারীপুরের কালকিনি উপজেলাতেও শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণের বিশেষ কার্যক্রম। প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আড়িয়াল খাঁ নদীতে ২২ দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন এর নেতৃত্বে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব কুমার এবং কালকিনি থানা পুলিশের সদস্যরা।
এ সময় নদীতে অবৈধভাবে মাছ ধরার নানা সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা নিষিদ্ধ। তাই সরকারিভাবে এই সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এনআর