প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:০৬ পিএম

দেশব্যাপী প্রথমবারের মতো শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর এই কর্মসূচি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, আটোয়ারী থানার এসআই জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইউসুফ আলী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজা আল মামুন ও সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) মোঃ নূর আলম, টিকাদান কর্মসূচির কর্মীসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।
ডা. হুমায়ুন কবীর জানান, আটোয়ারী উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪২,৮৯৩ জন শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে ১,৫৪১ শিশুর মধ্যে ১,৪১৫ জনকে টিকা দেওয়া হয়েছে, যা ৯১.৮২% লক্ষ্যমাত্রা অর্জন। তিনি আরও বলেন, টিসিভি টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে জন্মনিবন্ধন না থাকলেও স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা যাবে; জন্মনিবন্ধন থাকা বাধ্যতামূলক নয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জানিয়েছেন, কর্মসূচির প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে, এবং পরবর্তী দুই সপ্তাহ (০১-১৩ নভেম্বর) কমিউনিটি ও স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ৩১৭টি কেন্দ্র খোলা হবে। টিকাদানে স্বাস্থ্য বিভাগের কর্মী ছাড়াও ৯৭২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। প্রথম সারির সুপারভাইজার হিসেবে দায়িত্বে থাকবেন ১৮ জন।
ডা. হুমায়ুন কবীর বলেন, টিকা আন্তর্জাতিক সংস্থা গ্যাভি’র মাধ্যমে বাংলাদেশ পেয়ে যাচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত। তিনি জানান, টাইফয়েড টিকা নিরাপদ; নেপাল, পাকিস্তানসহ আরও আটটি দেশে এটি ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/আরএফ