প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:০২ পিএম

সংগৃহীত ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পের নায়েক মোহাম্মদ আকতার আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (১২ অক্টোবর) সকালে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা একটি টহল দল ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গেলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যরা ল্যান্ডমাইন পুঁতে রেখেছিলেন, যার কারণে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে। বাইশফাঁড়ি সীমান্তে টহলরত অবস্থায় নায়েক আকতার মাইন বিস্ফোরণে আহত হন। আহত বিজিবিকে প্রাথমিকভাবে উদ্ধার করে দ্রুত রামু সিএমএইচ-এ চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/শাহো