প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:৫৭ AM

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লেল্যান্ড শহরে হোমকামিং অনুষ্ঠানের পরপরই এক ভয়াবহ গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতের দিকে শহরের প্রধান সড়কে এ গুলির ঘটনা ঘটে। লেল্যান্ড শহরের মেয়র জন লি বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার দিনভর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ ছিল। দিনটি ছিল স্থানীয় একটি হাইস্কুলের হোমকামিং অনুষ্ঠান- যেখানে পুরোনো ছাত্রদের স্বাগত জানাতে আয়োজন করা হয় একটি ফুটবল ম্যাচ। খেলাটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ঘটে এই দুঃখজনক ঘটনা।
মেয়র জন লি বলেন, ‘শহরে এমন দিনে গুলির ঘটনা সত্যিই হৃদয়বিদারক। আমরা ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে, তবে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি বড় সামাজিক সমস্যা হিসেবে রয়ে গেছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এমন গুলির ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন নিরীহ মানুষ।
স্থানীয়রা বলছেন, ‘এই উৎসবের দিনটি স্মরণীয় হওয়ার কথা ছিল, এখন তা রূপ নিয়েছে এক ভয়াবহ দুঃস্মৃতিতে।’
স্বদেশ প্রতিদিন/এমএম