বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী আমরা বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটি আধুনিক রাষ্ট্র বানাতে চাই। আজকে একটি ব্যর্থ প্রজেক্ট পিআর আনতে তারা তৎপর রয়েছে। কিন্তু এই ধরনের অন্যায্য প্রজেক্ট মানুষ রিজেক্ট করেছে। যারা এই ধরনের কার্যক্রম করে, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, “বহুবছর পর এই দেশের মানুষ আবারো ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে। কিন্তু সেই পতিত স্বৈরাচারের দোসর এবং ভারতীয় ‘র’য়ের দালালেরা বিভিন্ন অজুহাতে বাংলাদেশের মানুষের এই ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে খর্ব করতে চায়। সেই জন্য বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “আমরা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চাইনা। আমরা বিএনপির রাজনীতি করি, শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতি করি। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করি।”
ড. এম এ কাইয়ুম আরো বলেন, “বিএনপি আগামীদিনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সবকটি আসনে জয়লাভ করে বাংলাদেশকে একটি মুসলিম আধুনিক রাষ্ট্র বানাবে।”
বিএনপি এদেশের মাটি ও মানুষের দল উল্লেখ করে তিনি বলেন, “এদেশের মানুষ যতোবার সুযোগ পেয়েছে ততোবারই বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। বিএনপি এদেশের মানুষের জন্য উন্নয়ন করেছে। এই অঞ্চলে বিএনপি উন্নয়ন করেছে। আগামী দিনেও করবে।”
তিনি আরো বলেন, “বিগ্রিডিয়ার হান্নান শাহ্ আমাদের মহানগরের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমরা সত্যিকার অর্থে তার নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছি। ওনার আদেশ মতো আমরা সব ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছিলাম। উনি আমাদের রাজনীতির গুরু। উনি ৯১ সালে যখন এই এলাকা নির্বাচন করেন, তখন আমরা উনার সাথে নমিনেশনপত্র জমা দেওয়ার জন্য এই এলাকায় এসেছিলাম। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি বিএনপির রাজনীতিতে অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন।”
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ