প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:০২ পিএম

সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.)-এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়।
শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ, সাবেক নৌবাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং শোকাহত পরিবারের সদস্যরা।
জানাজা শেষে সামরিক রীতিনীতি অনুসরণ করে মরহুমকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার, ফাঁকা গুলি বর্ষণসহ অন্যান্য সামরিক সম্মাননা প্রদর্শন করা হয়।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং পরে তাঁর সহধর্মিণীর হাতে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা, ক্যাপ, সোর্ড, মেডেল ও ইনসিগনিয়া তুলে দেন।
প্রসঙ্গত, ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
স্বদেশ প্রতিদিন / কেআইকে