প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:২৭ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৮:২৯ PM

সংগৃহীত ছবি
চাঁদপুরে দ্বিতীয়বারের মতো উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দুই স্থানে এ কর্মশালার আয়োজন করে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার সেমিনার কক্ষে। দ্বিতীয় কর্মশালা হয় বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এআই কম্পিউটার একাডেমিতে।
উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এসব কর্মশালার উদ্দেশ্য ছিল, স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন স্বেচ্ছাসেবকের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানচর্চায় উৎসাহিত করা।
চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, প্রথম কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মোট ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন। তারা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা, তথ্য যাচাই ও নিবন্ধ তৈরির কৌশল শিখেছেন। দ্বিতীয় কর্মশালাতেও একই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার রিসোর্স পারসন ছিলেন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য ও বাংলা উইকিপিডিয়ার অ্যাডমিন নাহিদ সুলতান, বাংলা উইকিপিডিয়ার অ্যাডমিন ও উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া, উইকিমিডিয়ান শাকিল হোসেন।
কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনার সাধারণ সমস্যার সমাধান, কনটেন্ট ভেরিফিকেশন, এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে চাঁদপুরে প্রথম উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো