সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের পাঁচিলা ব্রিজ সংলগ্ন এলাকায় চোরাই পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দিনদিনই আরও বিস্তৃত হচ্ছে এই অনৈতিক বাণিজ্য।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের রহস্যজনক নীরবতা চোরাই পণ্যের সিন্ডিকেটকে আরও বেপরোয়া করে তুলেছে। এখন দিনে-দুপুরে ট্রাক থেকে রড, গম, ভুসি, ভুট্টাসহ বিভিন্ন চোরাই মালামাল খোলা বাজারে নামিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পত্রিকায় বড় বড় শিরোনামে খবর আসার পর ভেবেছিলাম এবার প্রশাসন কিছু একটা করবে। কিন্তু কিছুই হলো না। বরং যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই এখন আরও নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে আমরা সৎ ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
অবস্থানের দিক থেকে হাটিকুমরুল থানার নিকটবর্তী এলাকায় এমন অবৈধ কার্যক্রম পরিচালিত হলেও প্রশাসনের কোনো দৃশ্যমান অভিযান বা কঠোর পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য, এ বিষয়ে আগে হাটিকুমরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেছিলেন, “চোরাই পণ্যের বিষয়ে আমাদের দৃষ্টিতে এসেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে স্থানীয়রা বলছেন, সেই তদন্তের কোনো অগ্রগতি বা চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা এখন পর্যন্ত দেখা যায়নি।
এলাকাবাসীর দাবি, এই চোরাই বাণিজ্য বন্ধে প্রশাসনকে দ্রুত, কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে শুধু ব্যবসা খাত নয়, পুরো এলাকার আইন-শৃঙ্খলাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে