প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:৪৩ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ১:৪৫ PM

সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার রহমত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, সকালে ভাদাইল এলাকায় টিনসেড ওই বাড়িতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান বাড়িটির কেয়ারটেকার আব্দুল রাব্বানী। এ সময় নারী পুরুষ ও শিশুসহ আহত হয় অন্তত দশ জন।
স্থানীয় সূত্র জানায়, বাড়িটি নির্মাণের সময় সেপটিক ট্যাংক থেকে অতিরিক্ত গ্যাস নির্গমনের জন্য একটি বিকল্প পাইপ স্থাপনের কথা ছিল। কিন্তু সেই পাইপটি না দেওয়ায় ট্যাংকের ভেতর অতিরিক্ত গ্যাস জমে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই গ্যাসের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর