প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬:৩৮ AM

আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণগুলোতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, “বিস্ফোরণের বিষয়টি তদন্ত করা হচ্ছে, তবে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “কাবুলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চিন্তার কিছু নেই—সবকিছু স্বাভাবিক আছে এবং ঘটনাটি তদন্তাধীন। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।”
তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুজাহিদ একটিমাত্র বিস্ফোরণের কথা উল্লেখ করলেও কাবুল ট্রিবিউন-এর প্রতিবেদনে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়েছে যে কাবুল বিমানবন্দরের কাছাকাছি একাধিক বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের কারণ বা পেছনে কারা জড়িত—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার সময় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে সফররত ছিলেন। তিনি বৃহস্পতিবার দিল্লি পৌঁছান, যা ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে প্রথম কোনো আফগান মন্ত্রীর ভারত সফর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে এক পোস্টে লেখেন, “আমরা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে আগ্রহী।” মুত্তাকির সফর আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানি দৈনিক ডন জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাবুলে দুটি প্রবল বিস্ফোরণ শোনা যায়। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, রাস্তায় গাড়ি তল্লাশি চালানো হয়, এবং কিছু এলাকায় মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যায়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ