প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:৫১ AM

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে আহত করেছে এক অটোরিকশা চালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম মো. সাঈদ (৫০)। তিনি নড়াইল জেলার বাসিন্দা এবং গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, রাতে দায়িত্ব পালনের সময় কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ না করতে নির্দেশ দেন। কিন্তু এক চালক নির্দেশ অমান্য করে রাস্তায় ঢোকার চেষ্টা করলে সাঈদ হাতে থাকা টেস্টার দিয়ে তার অটোরিকশার টায়ার ফুটো করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই চালক পুলিশের হাত থেকে টেস্টার কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেন।
স্থানীয়রা দ্রুত আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত অটোরিকশা চালক মুস্তাকিন (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা পুলিশের হেফাজতে আছেন।
ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বলেন, “অটোচালক আমাদের এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওয়াহিদুজ্জামান নিশ্চিত করে জানান, ঘটনাটির পর অটোরিকশা চালককে আটক করা হয়েছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ