
সংগৃহীত ছবি
"Love Your Eyes - আপনার চোখকে ভালোবাসুন" প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সাধারণ সম্পাদক ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম. এম. সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস. এম. কামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, কবি কামরুল হাসান, শহীদুল ইসলাম, মাওলানা শফিউল আলম, মাওলানা আবছার কামালসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ডা. মোহাম্মদুল হক বলেন, চোখের সুস্থতা উপেক্ষা করার মতো বিষয় নয়। নিয়মিত চক্ষু পরীক্ষা এবং সচেতনতা দৃষ্টি শক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে এম. এম. সিরাজুল ইসলাম বলেন, চোখ মহান সৃষ্টিকর্তার অপার অনুগ্রহ। সমাজ ও দেশকে সুস্থ রাখতে প্রত্যেকের চোখের সুস্থতা নিশ্চিত করতে হবে।
তিনি শিশুদের চোখের যত্নে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং দৃষ্টিহীনতা প্রতিরোধে সবার সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর দৃষ্টি সুরক্ষায় প্রতিষ্ঠানটি অরবিস ইন্টারন্যাশনাল, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন এবং বিভিন্ন দেশি বিদেশি সংস্থার সহযোগিতায় কাজ করে যাচ্ছে।
দিনব্যাপী বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উখিয়া রত্নাপালং ইউনিয়নে বিশেষ চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং ক্যাম্প, উখিয়ার ক্যাম্প–১১ বালুখালিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, কক্সবাজার সদর উপজেলায় ২টি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প, স্কুলের শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষার জন্য স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসপাতালের জেনারেল ম্যানেজার শহীদ উদ্দিন মাহমুদ।
স্বদেশ প্রতিদিন/শাহো