প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:৩৪ পিএম

ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চট্টগ্রাম জেলাধীন রাউজানে গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপির কর্মী নয়। বুধবার এক প্রতিবাদ লিপিতে তিনি এ দাবি করেন।
রিজভী লিপিতে বলেন, 'রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারিদের অভ্যন্তরীণ সংঘাতে মোঃ আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। উল্লিখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দূর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড।' তিনি আরও দাবি করেন, 'নিহত ব্যক্তি ও দুস্কৃতকারীদের কেউই বিএনপির নেতা-কর্মী নন' এবং 'কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন।'
রিজভী বলেন, 'এই সহিংস ঘটনা দেশের আইন-শৃঙ্খলার অবনতির একটি বড় নজির। এ রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমান পরিস্থিতিতে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে; চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা জনগণ বর্তমান সরকারের কাছ থেকে প্রত্যাশা করেন না।' তিনি অভিযোগ করেন, 'জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে দুস্কৃতিকারীরা অপকর্মে মেতে উঠেছে' এবং 'অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয় থাকায় এ পর্যন্ত দেশের কোথাও অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি।'
রিজভী শেষ করে বলেন, 'বিএনপি রাউজানের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এলাকাভিত্তিক আধিপত্যকামী দুস্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।'
স্বদেশ প্রতিদিন/এনআর