প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ১:৪৫ PM

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে তিন লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ের হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘লিলি গোল্ড হাউজ’ নামের একটি দোকানে।
দোকান মালিক জাকির হোসেন জানিয়েছেন, রোববার (৫ অক্টোবর) রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন। পরদিন সকালে এসে দেখতে পান, দোকানের পাশের দোকানের দেয়াল কেটে শোকেস ভেঙে সমস্ত স্বর্ণালংকার এবং ক্যাশবাক্সে থাকা নগদ অর্থ নিয়ে গেছে চোরচক্র।
তিনি আরও জানান, চুরির সময় পাকা দেয়াল কেটে ভেতরে প্রবেশে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও দোকানের ভেতরে পাওয়া গেছে।
ঘটনার পর মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘পাশের দোকানটি দুই মাস আগে ৩-৪ জন ব্যক্তি কাপড়ের ব্যবসার নামে ভাড়া নেয়। তাদের পরিচয় যাচাই করে দেখা যাচ্ছে, তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করেছে। চুরির সঙ্গে তারাই জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/এমএম