প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:০৫ AM আপডেট: ০৮.১০.২০২৫ ১১:২৫ এএম

মাত্র একদিনের ব্যবধানে দেশে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি দামে ১ হাজার ৪৬৯ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। এ নিয়ে চলতি বছর সোনার দাম দেশে মোট ৬২ বার সমন্বয় করা হলো।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
সোনার সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরির হার পরিবর্তিত হতে পারে।
গত সোমবার (৬ অক্টোবর) প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৭২৬ টাকা। অর্থাৎ মাত্র চারদিনে তিন দফায় মোট ৬ হাজার ৮১১ টাকা বেড়েছে সোনার দাম।
সোনার পাশাপাশি রুপার দামে এবার নতুন রেকর্ড হয়েছে। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম ১ হাজার ২৬ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা, যা দেশের সর্বোচ্চ রেকর্ড।
২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশে সোনার দাম মোট ৬২ বার পরিবর্তন হয়েছে। সেসবের মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।
বাজুস বলেছে, দেশের বাজারে সোনার দাম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম