প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২:১১ AM আপডেট: ০৮.১০.২০২৫ ২:১৬ এএম

সংগৃহীত ছবি
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, আবরার ফাহাদ বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক এবং আমাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবরার ফাহাদের জীবন ও কর্মের উপর আয়োজিত আলোচনা সভা এবং তার সাহস ও সংগ্রামকে উপজীব্য করে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জেলা প্রশাসক আরও বলেন, আবরার ফাহাদ কুষ্টিয়ার ছোট্ট এক এলাকার মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু তার সাহস ও দেশপ্রেম ছিল অসাধারণ। ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট ফুটে উঠেছিল তার দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা। মাত্র ২১ বছরের একজন ছাত্র শুধু পড়াশোনায় ব্যস্ত ছিলেন না, তিনি দেশের ন্যায্যতা নিয়েও চিন্তা করতেন। তার মতো প্রতিভাবান ও সাহসী ছাত্র আজকাল বিরল।
তিনি বলেন, আবরারকে হত্যা করে খুনিরা ভেবেছিল বিষয়টি এখানেই শেষ। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। একজন আবরার হয়তো প্রাণ হারিয়েছেন, কিন্তু তার আদর্শে উদ্ভাবিত শত শত, হাজার হাজার, লাখ লাখ আবরার আজও ঘরে ঘরে জন্ম নিয়েছে। ২৪’র গণ-অভ্যুত্থান এ তার প্রমাণ। ন্যায্যতার ভিত্তিতে সমাজ গড়তে হলে আবরারের জীবন আমাদের জন্য শিক্ষার উৎস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম’র সভাপতিত্বে এবং ইয়া হাদিয়া সোনামণি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ও পটুয়াখালী পৌরসভার প্রশাসক মোঃ জুয়েল রানা।
এ সময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহআলম সিকদার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র ইসরাত মায়া, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আন নাহিয়ান প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/শাহো